নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা





বাজেট ঘোষণা করছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীনতুন করে কোনও প্রকার কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে ৬৫৮ কোটি ৬৬ লাখ টাকা আয় এবং ৬৫১ কোটি সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ কোটি সাড়ে ৪৮ লাখ টাকা।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, জেলা প্রশাসকসহ বিভিন্ন সংস্থার সহযোগীতা না পাওয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত শিশু বান্ধব নগর গড়তে পারছি না। তারা সরকারি জায়গাগুলো হীনস্বার্থে ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, কিন্তু সিটি করপোরেশনের উন্নয়নের জন্য দিচ্ছে না। মেয়র আইভী অভিযোগ করেন, নগরীর সৈয়দপুর লুহিয়ার মাঠের জায়গা জেলা প্রশাসকের কাছে সিটি করপোরেশন বরাদ্দ দেওয়ার জন্য আবদেন করেছে। কিন্তু জেলা প্রশাসন সিটি করপোরেশনকে না দিয়ে জায়গাটি ব্যক্তির কাছে বরাদ্দ দিয়ে দিচ্ছে।  
তিনি বলেন, সিটি করপোরেশন মানুষকে ফুটপাত দিয়ে হাঁটার ব্যবস্থা করেছে। কিন্তু একজন জনপ্রতিনিধি ফুটপাতে হকার বসিয়ে মানুষের হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন। এই শহরের ১০ লাখ মানুষকে জিন্ম করে রেখেছে কয়েকশ হকার। একজন জনপ্রতিনিধি তাদের সহযোগীতা করছেন বলে মেয়র অভিযোগ করেন।
সিটি মেয়ের ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ, রেলওয়ে ও সিটি করপোরেশন বিক্ষিপ্তভাবে উন্নয়ন করছেন। কোনও সমন্বয় না থাকার কারণে নগরীর যানজট নিরসন হচ্ছে না, উল্টো জনগনের ভোগান্তি বাড়ছে।

তিনি বলেন, রেলওয়েকে চিঠি দিয়েছি কিন্তু কোনও কাজ হয়নি। ঢাকা নারায়ণগঞ্জ ডাবল-লেন রেল লাইন হচ্ছে। যার কারণে নগরীর প্রবেশ পথে বারবার গেট বেরিয়ার পড়বে। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করবে।

মেয়র বলেন, খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছিল। কিন্তু সিটি করপোরেশন চিঠি দিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাস্তা নিার্মণ না করা পর্যন্ত পোর্ট নির্মাণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠান মেয়র আইভী বলেন, সিটি করপোরেশন বিআইডব্লিউটিএ, রেলওয়ে, রাজউকসহ যতগুলো সংস্থার বিরুদ্ধে মামলা করেছে তা নারায়ণগঞ্জবাসীর সুযোগ সুবিধার কথা চিন্তা করে করেছে।
মেয়র আইভী জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুইপার কলোনী নির্মাণ কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন বহুতল ভবনে নারায়ণগঞ্জ ইতিহাস সংরক্ষণে যাদুঘর তৈরি করা হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের মানুষেকে সুপেয় পানি দেওয়ার জন্য ওয়াসা এখন সিটি করপোরেশনের হাতে। শীতলক্ষার পানি শোধন করে সরবরাহ করতে চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা শেষে সরকারের কাছে টাকা বরাদ্দের জন্য আবেদন করা হবে। এজন্য তিনি ওয়াসার বিল নিয়মিত পরিশোধ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করেন।

মেয়র বলেন, আমাকে দুই বছর সময় দিতে হবে ওয়াসার জঞ্জাল মেরামত করতে। ওয়াসার পাইপগুলো ছিদ্রে জর্জরিত। ডিপটিউবয়েলের ফরমের মূল্য কমানো হয়েছে, টিউবওয়েল স্থাপনের ফি কমানো হবে।
মেয়র বলেন, আমরা যত্র-তত্র বাসস্ট্যান্ড, ট্রাকস্টান্ড চাই না। অনেকে চাঁদাবাজির জন্য স্ট্যান্ড বসাচ্ছে। রাইফেল ক্লাবের সামনে কিভাবে স্ট্যান্ড থাকে দিনরাত চব্বিশ ঘন্টা? সিটি করপোরেশনের চাঁদা আদায়ের অবৈধ রসিদসহ গোয়েন্দা সংস্থাকে একাধিকবার দেওয়া হয়েছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য সিটি করপোরেশনের নিজস্ব পুলিশ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
মেয়র জানান করোনার কারণে বিগত অর্থবছরের চেয়ে বাজেট ছোট করা হয়েছে এবং আয়োজনও ছিল স্বাস্থ্য বিধি মেনে ছোট আকারে।

এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, নিবার্হী কর্মকর্তা আবুল আমিন। এছাড়া সিটি করপোরেশনের কাউন্সিলর ও সাংবাদিকরা বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন।