গাজীপুরে ১০ মণ পিরানহা মাছ জব্দ, দুই ব্যবসায়ীকে দণ্ড






ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দগাজীপুরে মাছের একটি আড়তে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ও বিষাক্ত প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীকে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ আদালত পরিচালনা করেন।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মাছের একটি আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিষাক্ত ও বিক্রি নিষিদ্ধ প্রায় ১০মণ পিরানহা মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ পিরানহা মাছ মজুদ রাখা ও বিক্রির অপরাধে ব্যবসায়ী সুকেনকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খুচরা বিক্রেতা মিনফর আলীকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করে আদালত। পরে জব্দকৃত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়।

অভিযানের সময় গাজীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।