হেরোইনসহ ছাত্রলীগ নেতা আটক

Manikganj BSL-PCমানিকগঞ্জে হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন এবং তার দুই সঙ্গীকে আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে ছাত্রলীগ নেতা শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল, চড়খণ্ড গোলড়া এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, ‘কোনও মাদক সেবক ও কারবারি ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। যদি এই ধরনের কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’