এক বছরের কন্যাকে খুন, বাবা গ্রেফতার

অভিযুক্ত বাবা আল আমিন মানিকগঞ্জের সিংগাইরে মীম আক্তার নামে এক বছর বয়সী কন্যাশিশুকে হত্যার অভিযোগে তার বাবা আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরাজপুর-পাড়াগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় মেয়ে মীম আক্তারকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এস‌ আই ফরহাদুজ্জামান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর উপজেলার কালিগঙ্গা নদীর পাড় থেকে শিশু মীমের হাত-পাবিহীন লাশ উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধারকৃত লাশ মীম আক্তারের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আদালতের নির্দেশে রবিবার দুপুরে কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পরে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে গত ৩ নভেম্বর স্ত্রী হোসনে আরাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী আল আমিন। পরে এক বছর বয়সী কন্যা মীমকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্বামী-সন্তানের সন্ধান না পাওয়ায় ৪ নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন হোসনে আরা। ৬ নভেম্বর সন্ধ্যায় কালিগঙ্গা নদীর পাড় থেকে শিশু মীমের হাত-পাবিহীন লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই স্বামী আল আমিন (৩০), তার পিতা আ. হালিম (৫৫), মা নাছিমা বেগমসহ (৪৮) ছয় জনের বিরুদ্ধে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন হোসনে আরা বেগম। মামলার অন্য আসামিরা হলেন, আল আমিনের ভাই আজিজুল (৩৫), বোন মুক্তা আক্তার (২০) ও স্বজন ছাবিনা আক্তার (৩২)।