সাম্প্রদায়িকতা রুখে দেওয়া এবার বিজয়ের অঙ্গীকার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদেরসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই এবারের বিজয় দিবসের মূল অঙ্গীকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন,  ‘৪৭-এর চেতনা ছিল পাকিস্তানের, ‘৭১ এর চেতনা বাংলাদেশের। একদিকে সাম্প্রদায়িকতা, আরেকদিকে অসাম্প্রদায়িকতা। আজকে আমাদের এই দু’টি ধারা চলছে। আজকের শপথ হবে সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডাল-পালা বিস্তার করেছে, সেই বিষ বৃক্ষকে সমূলে উৎপাটন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

হেফাজতের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছে, তারা কী চেয়েছিল। তাদের সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই তারা কী চায়। আমাদের যে শপথ, আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনও আপস করবো না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাভারের সাংসদ ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতারা।