কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপির মরদেহ উদ্ধার







জাহাঙ্গীর আলমগাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলমের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাপাসিয়ার ভূবনেরচালা এলাকার নিজস্ব পোলট্রি খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পোলট্রি কারখানার শ্রমিক রামিম ও আলফাজ জানান, সকাল ৭টার দিকে তার মরদেহ গুদাম ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মঞ্জুর হোসেন জানান, জাহাঙ্গীর আলম খামারের গুদাম ঘরে রাতযাপন করতেন। বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজও আদায় করেছেন। তার গলায় পেঁচানো মাফলারটি অপরিচিত। তাকে কেউ শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। তার সঙ্গে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের এক ব্যক্তির আর্থিক বিষয় নিয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি। মামলা সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি তার।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।