নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত একটি সিলিন্ডারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৫০)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে একটি সাত তলা ভবনের নিচতলায় দোকান ভাড়া নিয়ে অগ্নি নির্বাপন যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটর গাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন রফিকুল ইসলাম নামের ওই মিস্ত্রি। সেখানে দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ৷ বিস্ফোরণে তার মাথা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।