ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, যুবলীগের কমিটি করার ক্ষেত্রে বিএনপি, জামায়াত বা তাদের কোনও অনুসারী যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি থাকবে। আর কমিটি গঠনের বিষয়ে কোনও নেতার সুপারিশ শোনা হবে না।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে ফরিদপুরের ভাঙ্গায় এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, অচিরেই ফরিদপুর জেলাসহ নয়টি উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই সব কমিটি শিক্ষিত, ভদ্র, মাদকমুক্ত এবং আওয়ামী পরিবারের সন্তানদের দিয়ে করা হবে। এক্ষেত্রে বড় কোনও নেতার সুপারিশ গ্রহণ করা হবে না।
সুপারিশ গ্রহণের কুফলের প্রতি আলোকপাত করে তিনি আরও বলেন, অতীতে দেখা গেছে সুপারিশের মাধ্যমে যারা কমিটিতে আসেন, তাদের অতীত থাকে কালিমা লিপ্ত এবং তারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। তাই এবার কমিটি গঠনের বিষয়ে বড় কোনও নেতার সুপারিশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র পরীক্ষিত কর্মী দিয়েই যুবলীগকে সাজানো হবে।
নিক্সন চৌধুরী বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কর্ণধার হিসেবে রয়েছেন, ততদিন এ দেশের উন্নয়ন হবে। তবে বর্তমানে বৈশ্বিক মহামারী করোনার কারণে কোনও কোনও ক্ষেত্রে উন্নয়নের গতি হয়তো একটু কমেছে, তবে অচিরেই আমরা এ সংকট কাটিয়ে উঠে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাবো।
অনুষ্ঠানে হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ আলী মিয়া, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত আহমেদের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী সংসদ সদস্যের হাতে নৌকা সদৃশ ফুলের তোড়া তুলে দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।