ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক আহত

ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ ফায়ার স্টেশন অফিসার তানভীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদ সেন্টারিংয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ওই ভবনের ছাদ ধসে পড়ায় সেখানে কর্মরত কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত দুই নির্মাণ শ্রমিক হলেন বরগুনা জেলার মাঠবাড়িয়া এলাকার আব্দুস সত্তারের ছেলে আবুল কালাম (৪০) এবং মো. সুমন (২৫)। তাদের দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।