বাড়িতে হামলা, এসিল্যান্ডসহ আহত ১২

ভ্যাকসিনের অনুষ্ঠান উদ্বোধনে এসে ‘অবরুদ্ধ’, ফিরে গেলেন স্বাস্থ্য সচিব

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে তার স্ত্রীর নামে নির্মাণাধীন একটি কমিউনিটি ক্লিনিকে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নে পূর্বচান্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্যসচিবের প্রটোকলে থাকা কটিয়াদীর এসিল্যান্ড মো. আশরাফুল আলমসহ অন্তত ১২জন আহত হয়েছেন।
স্বাস্থ্যসচিবের অভিযোগ, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের লোকজন এ হামলা করে।

কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিবের বাসায় হামলার ঘটনায় ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, ‘আগামীকাল কিশোরগঞ্জে করোনার ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি এসেছিলাম । আমার বাড়ির পাশে আমার স্ত্রীর নামে একটি কমিউনিটি ক্লিনিক তৈরি করছি। একটি ছোট্ট রাস্তা করা হচ্ছে। এই কাজগুলো একটি মহল বাধা দিচ্ছে। আমার সামনে এসেই বলছে, এখানে কাজ হবে না। এমপি সাহেবের নির্দেশ ছাড়া কোনও কাজ হবে না। আমি অসুস্থ বোধ করছি, তাই সরকারি অনুষ্ঠানে যোগ না দিয়েই ঢাকা চলে যাচ্ছি।’

স্থানীয়রা জানান, স্বাস্থ্য সচিব আগামীকাল রবিবার কিশোরগঞ্জে করোনাভাইরাসের টিকা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে তার নিজ বাড়ি কটিয়াদীর পূর্বচান্দপুর গ্রামে এসেছিলেন। এখানে বাড়ির পেছনে তার স্ত্রীর নামে একটি কমিউনিটি ক্লিনিকের কাজ চলছে। একই সঙ্গে ক্লিনিকের সঙ্গে মূল সড়কে ওঠার একটি রাস্তার কাজও চলছে। সকাল থেকে কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে মহড়া দেয়। এবং ক্লিনিক ও রাস্তার কাজ বন্ধ করতে বলে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে হামলা করে মিস্ত্রিদের ঘরসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্বাস্থ্যসচিবের বাড়ি অবরুদ্ধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

কিশোরগঞ্জে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সকালে সচিব যখন নির্মাণাধীন ক্লিনিকের কাজ ও রাস্তার কাজ দেখতে আসেন তখন একদল লোক এসে বললো কাজ বন্ধ রাখতে হবে, কাজের মান ভালো হচ্ছে না। তখন সচিব তাদের কাছে জানতে চান কে কাজ বন্ধ করতে বলেছে? উত্তরে তারা জানান, এমপি মহোদয়ের নির্দেশ ছাড়া কোনও কাজ হবে না। এমপি মহোদয় আমাদের পাঠিয়েছে। কিছুক্ষণ পর দুই আড়াইশ লোক অস্ত্রশস্ত্র নিয়ে বাসার উঠানে ঢুকে ও হামলা চালায়। এসময় স্বাস্থ্য সচিবের প্রটোকলের দায়িত্বে থাকা এসিল্যান্ড এগিয়ে এলে তাকেসহ অনেককে মারধর করে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় এমপির ভাগ্নে মুন ও তার পিএ লিটনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় র‌্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। বিকেলে পুলিশ পাহারায় স্বাস্থ্য সচিব ঢাকার উদ্দেশে রওনা দেন।

হামলার সময় ভেঙে ফেলা হয় কয়েকটি চেয়ার

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ এসিল্যান্ড আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে রাখা হয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।