অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ধারণ করে তরুণীদের ব্ল্যাকমেইল করতো রাহুল

ঢাকার মোহাম্মদপুর এলাকার এক তরুণীর ‘গোপন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে আরমান খন্দকার রাহুল নামে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীকে ধর্ষণ এবং এই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে রাহুলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় শহরের হাড়িনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ-আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করতো রাহুল। এরপর এগুলোর মাধ্যমে তাদের ব্ল্যাকমেইল করতো।

আরমান গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে। সে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের অনার্স (সম্মান) শেষ বর্ষের ছাত্র।

লে. কমান্ডার আব্দুল্লাহ-আল মামুন জানান, ফেসবুকে ঢাকার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় আরমানের। আরমান গত ২০ জানুয়ারি দুপুরে গাজীপুরের হাড়িনাল এলাকায় বন্ধু রাফিনের ভাড়া বাসায় ভিকটিমকে নিয়ে যায়। এ সময় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে আরমান। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণের গোপন ভিডিও ধারণ করে। এরপর থেকে সে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

আব্দুল্লাহ-আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে আরমান স্বীকার করে সে একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও/ছবির মাধ্যমে তাদের ব্ল্যাকমেইল করতো। তার ল্যাপটপে বিভিন্ন তরুণীর গোপন ভিডিও পাওয়া গেছে।