গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আগুন লেগে একটি বস্তির ১৮টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রাপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোনাবাড়ী এলাকার এম এম পোশাক কারখানা সংলগ্ন জান্নাতুল ফেরদৌস নামে এক ব্যক্তির টিনশেড বাড়ির একটি কক্ষে প্রথমে আগুন লাগে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে। এতে ভাড়া বাড়িটির ১৮টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্তরা আশেপাশের বিভিন্ন কারখানার শ্রমিক। তাদের সর্বস্ব পুড়ে গেছে।