ইজতেমা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা

বিশ্ব ইজতেমা উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহত্তর জেলাগুলোর ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ইজতেমার দুই পর্বের আখেরি মোনাজাতের দিন গাজীপুরের বিভিন্ন সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। আজ সোমবার গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা ময়দান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ ও ১৭ জানুয়ারি বিশ্ব ইজতেমার দুই পর্বের আখেরি মোনাজাতের দিন সকাল ৬টা থেকে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাঝুখান সেতু থেকে স্টেশন রোড ওভারব্রিজ পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। টঙ্গীর কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক পথেও থাকবে একই নির্দেশনা।

এদিকে,পন্টুন ব্রিজ নির্মাণ ও মুসল্লিদের চলাচলের সুবিধার্থে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদে সব ধরনের নৌযান নোঙ্গর করা ৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। প্রয়োজনে নৌযানগুলো টঙ্গী ব্রিজের পূর্ব পাশে এবং কামারপাড়া সেতুর উত্তর পাশে নোঙ্গর করতে পারবে।

গাড়ি পার্কিং

ইজতেমা চলাকালে গাজীপুর সিটি করপোরেশনে ১০ জানুয়ারি সকাল ৬টা থেকে বিভিন্ন স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

চান্দনা চৌরাস্তা হয়ে আগত মুসুল্লিদের বহনকারী যানবাহনকে পার্কিংয়ের জন্য মহাসড়কের বদলে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল কম্পাউন্ড, মেঘনা টেক্সটাইল মিলের রাস্তার উভয় পাশে,শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ প্রাঙ্গন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চান্দনা চৌরাস্তা হাইস্কুল মাঠ ও তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া নরসিংদী-কালীগঞ্জ হয়ে আগত মুসুল্লিদের বহনকারী যানবাহনকে টঙ্গীর কে-টু ও নেভি সিগারেট কারখানা সংলগ্ন খোলা জায়গা ব্যবহার করতে বলা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম  ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে যানবাহনগুলোকে এসব সড়ক ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। বৃহত্তর জেলাগুলো থেকে ঢাকাগামী সব যানবাহন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ডিএমপি এলাকায় প্রবেশের বদলে চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, কালিয়াকৈর-চন্দ্রা, বাইপাইল, নবীনগর, আমিনবাজার হয়ে চলাচল করবে।

ইজতেমা চলাকালে নামাজের সময় তুরাগ নদের পশ্চিম পাড়ে ইমামের সামনে না দাঁড়িয়ে পেছনে নামাজ আদায় করারও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এবার ৮ জানুয়ারি থেকে শুরু এবং দুই পর্বে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় দেশি-বিদেশি মিলে ৩০ থেকে ৩৫ লাখ মুসুল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এতে প্রথম ধাপে দেশের ১৬টি জেলার মুসুল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ১৬টি জেলার মুসুল্লিরা।

ছবি: সংগ্রহ

/এসএম/টিএন/