‘পোস্টটি এভাবে ভাইরাল হবে বুঝতে পারিনি’

স্বামী সাব ইন্সপেক্টর আর স্ত্রী এএসপি। এই পুলিশ দম্পতির একটি ছবি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু ওই ছবিটি ফেসবুকে পোস্ট করেন। নিজের ভ্যারিফায়েড পেজে জিতু লেখেন, ‘পুলিশিং পেশার ব্যাপারে যাদের একটু ধারণা আছে তারা বলতে পারবেন অবস্থানগত দিক থেকে আমার সহধর্মিণীর অবস্থান আমার থেকে কতটা ওপরে। আমাদের চাকরি বিয়ের পর হয়নি। আমার অবস্থানের এই আকাশ-পাতাল পার্থক্যের তোয়াক্কা না করে এই দেবীতুল্য মানুষটা আমাকে আপন করে নিয়েছিলেন। যখন অহরহ পোস্ট দেখি মেয়েরা লোভী হয়, মেয়েরা বিসিএস স্বামী খুঁজে পেলে সব ছাড়তে পারে, মেয়েরা টাকা আর অবস্থান ছাড়া আর কিছু বোঝে না—আমার তখন খুব হাসি পায়। একজন বিসিএস কর্মকর্তা যে কিনা আমার মত একজন সামান্য মানুষকে এতটা আপন করে নিয়েছেন তিনিও তো একজন মেয়ে।’

উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু ও  পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) উর্মী দেব দম্পতির বিয়ে হয়েছে ২০২০ সালের ৩০ নভেম্বর। নিজেদের পছন্দ হলেও তাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে ধুমধামে।

এই বিষয়ে এসআই  উজ্জ্বল ঘোষ জিতু এই প্রতিবেদককে জানান, আমাদের বাড়ি ফরিদপুর জেলা সদরে। পিতা ছিলেন পরিবহন ব্যবসায়ী। দুই ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি আরও জানান, উপ-পরিদর্শক পদে যোগদান করতে তিনি ট্রেনিং শুরু করেন ২০১৮ সালে ২৭ জানুয়ারিতে। পুলিশের ট্রেনিং শেষ করেন ২০১৯ সালে। এর আগে থেকেই পরিচয় ছিল এএসপি উর্মী দেবের সঙ্গে। ২০২০ সালের ২৮ জানুয়ারিতে উপ-পরিদর্শক (এসআই) পদে উজ্জ্বল ঘোষ জিতুর পুলিশের চাকরি নিশ্চিত হয়। এরই মধ্যে দুইজনের মাঝে মাঝে আলাপ আলোচনা হয়। একপর্যায়ে একে অপরকে পছন্দ করেন। বিষয়টি যার যার পরিবারকে জানালে ২০২০ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

ফেসবুকে পোস্ট সম্পর্কে উজ্জ্বল ঘোষ জিতু বলেন, নিয়মিত অন্যান্য পোস্টের মতো ফেসবুকে পোস্টটি দিয়েছিলাম। তবে পোস্টটি এভাবে আলোচনায় আসবে বা  ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। তবে বিষয়টি মানুষ পজিটিভলি নিয়েছে। আবার কেউ কেউ নেগেটিভ মন্তব্য করছে। তবে ব্যক্তিগত জীবনেও আমরা অনেক সুখী।

তিনি জানান, বর্তমানে তিনি কুমিল্লা জেলার মিরপুর হাইওয়ে পুলিশে কর্মরত আছেন। তিনি তাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ কামনা করেন।

এই ব্যাপারে পুলিশের এসআই উজ্জ্বল ঘোষের স্ত্রী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) উর্মি দেব জানান, আমার বাবার বাড়ি চট্টগ্রামে। বাবা  আইনজীবী। আমার এক ভাই ও এক বোনের মধ্যে আমিই সবার বড়। বিসিএস এর পর এএসপি পদে চাকরি জীবনের প্রথম পোস্টিং আখাউড়া সার্কেলেই। ছবিটি আমার স্বামী আমার অফিসে এসে তুলেছিল। 

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে চাকরিতে যোগদান করার পর পরিচয়। কর্মজীবন আর আমাদের ব্যক্তিগত জীবন আলাদাভাবে চালাতে হয়। যেন একটির কারণে আরেকটি ক্ষতিগ্রস্ত না হয়। একই পেশায় দুইজন থাকায় ভাল হয়েছে। কারণ একজন আরেকজনেরটা সহজে বুঝতে পারবেন।

এক প্রশ্নের জবাবে এএসপি উর্মি দেব বলেন, আমরা যখন বিয়ে করি তখন দুজনই চাকরিজীবী। আমরা বুঝে শুনেই বিয়েতে সম্মত হয়েছি।