ঘোড়াদৌড় দেখতে গিয়ে ঘোড়ার পায়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘোড়াদৌড় দেখতে গিয়ে ঘোড়ার পায়ের আঘাতে আব্দুল মান্নান তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ বিকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে এক ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবলীগ। সেখানে ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে যান বৃদ্ধ আব্দুল মান্নান তালুকদার। ঘোড়াদৌড় চলার একপর্যায়ে দৌড়ে অন্যত্র যাওয়ার সময় ঘোড়ার নিচে পড়ে যান তিনি। এ সময় ঘোড়ার পায়ের আঘাতে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।