হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা চালিয়েছে হেফাজতের কর্মীরা। শনিবার (২৭ মার্চ) জোহরের নামাজ শেষে দুপুর ২টার দিকে পৌরসভার আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এই ঘটনা ঘটায়। হামলাকারীরা থানায় ঢিল ছোড়াসহ থানার প্রধান গেট ভাঙার চেষ্টা করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, দুপুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। পরে পুলিশ ৪০/৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন।
এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।