গোপন বৈঠক থেকে জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার

শরীয়তপুর জেলার গোসাইরহাটে গোপন বৈঠকের সময় জামায়াত বিএনপির ২০ নেতা কর্মীকে গ্রেফতার করেছে গোসাইরহাট থানা পুলিশ। এ মামলায় পলাতক রয়েছে ১১ বিএনপির নেতাকর্মী।

এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল, ১টি সরকারি ডেল ল্যাপটপ, নিজস্ব রিপোর্ট বই ও বিভিন্ন বই জব্দ করে পুলিশ।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক ও নাশকতার মামলায় বুধবার (৩১ মার্চ) দুপুরে শরীয়তপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সামন্তসার ইউনিয়নে কবরস্থান নামে জায়গায় স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হাওলাদারের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে। গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করে। আরও ১১ জন পালিয়ে যায়। ৩১ জনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন গোসাইরহাট থানা পুলিশ।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার মামলায় আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।