ফরিদপুরের নগরকান্দায় হত্যার পর স্ত্রীর লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ওই নারীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শশা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম কোহিনুর আক্তার। তিনি রাজধানীর উত্তরা এলাকার আ. কাদের মিয়ার মেয়ে। বিশ বছর আগে শশা গ্রামের লিটন মিয়ার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
নিহত কোহিনুরের ভগ্নীপতি সাইফুল ইসলাম জানান, লিটন মিয়া সম্প্রতি পরিবারের কাউকে না জানিয়ে সাতক্ষীরা জেলায় আরেকটি বিয়ে করেন। এরপর শুরু হয় তাদের দাম্পত্য কলহ। দ্বিতীয় বিয়ের পর থেকে কারণে অকারণে প্রথম স্ত্রী কোহিনুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। আজ তাকে খুন করে লাশ পুকুরের পানিতে ভাসিয়ে দিয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পলাতক থাকায় লিটন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
লিটনের বড় ভাই মিজান মিয়া বলেন, ছোট ভাই বিটুর স্ত্রী সকালে পুকুর ঘাটে গিয়ে দেখেন কোহিনুরের লাশ ভাসছে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, ময়না তদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে বিএসএমএমসি কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।