বিদ্যুৎ চুরির অভিযোগে ডিপিডিসির প্রকৌশলী বরখাস্ত

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দুটি বহুতল ভবনে অর্ধকোটি টাকার রাজস্ব ফাঁকিসহ মিটার টেম্পারিংয়ে সহযোগিতার অভিযোগে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের সহকারী প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে ডিপিডিসি প্রশাসন তাকে বরখাস্তের আদেশ দেয়।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মো. মুনীর চৌধুরী জানান, তার নেতৃত্বে মিটারিং প্রকৌশলী ও টাস্কফোর্স সদস্যদের সহায়তায় গত ৩১ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে ২৪ ও ১৮ তলা বিশিষ্ট টোকিও প্লাজায় অভিযান চালায়। ওই সময়ে এদুটি ভবন নির্মাণের সময় থেকে শুরু করে দুটি ভবনে মিটার টেম্পারিং ও অন্য কারসাজি করে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার সত্যতা পান। সেদিন টাস্কফোর্সের নির্দেশে প্রাথমিকভাবে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৮ লাখ টাকা আদায় জরিমানা করা হয়। বাকি পাওনা অর্থ আদায়ের কার্যক্রম চলছে।

মুনীর চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে ডিপিডিসির স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতি জড়িত। তা না হলে কোনও গ্রাহকের পক্ষে তিন বছর ধরে এভাবে দুর্নীতি ও অনিয়ম ঘটানো সম্ভব নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের সহকারী প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/এসএম/