নারায়ণগঞ্জে ৩ হাজার লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডাসহ ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ’ ৬০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এসময় ১টি মিনি কাভার্ডভ্যান ও ১টি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২৪ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার দুপুরে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। উক্ত ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় যায়। কিছু অসাধু লরীর চালক ও হেলপার নামমাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। গ্রেফতারকৃত জাকির হোসেন দীর্ঘদিন ধরে সে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে।