আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুন) সকালে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছন। তিনি বলেন, টেকিবাড়ি এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা। এ সময় ঢাকা থেকে আসা নীলফামারীগামী 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত দুই নারী ওই এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।