জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাঁচবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা উভয়ই পেশায় ট্রাকচালক ও পরস্পর আত্মীয় ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে দিগপাইত উপশহর থেকে আল্লাহর দান (ঢাকা-সরিষাবাড়ী) পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৩২৪) সরিষাবাড়ী বাস টার্মিনালের দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা দিগপাইতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কবির ও সেলিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মজিদ জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।