শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে আগুনে পুড়ে সাতটি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো সোমবার (২৮ জুন) রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। রাত ১১ টা ৫০ মিনিটের দিকে দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত পাইকারি মুদি ব্যবসায়ী দিদার খান বলেন, আগুনে দোকানে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া ইলেক্ট্রনিক পণ্যের দোকানি মতিন মাদবর ১০ লাখ টাকার ও কাঁচামালের দোকানি খলিল মাদবর দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধারণা করা হচ্ছে লন্ড্রির দোকান থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে।
শরীয়তপুর পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পালং মডেল থানার পুলিশ যায়। তদন্ত সাপেক্ষে জানা যাবে প্রকৃতপক্ষে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।