মাধবদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীসহ মেয়র পদে মোট ৪ জন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২৭৭০৬ জন, এরমধ্যে পুরুষ ১৪৮০৭১ ও নারী ১২৮৩৫ জন।
মাধবদী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৌরসভার মোট ১২টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের মোবাইল টিম ৬টি, স্ট্রাইকিং ফোর্স ৪টি, র্যাবের মোবাইল টিম ৪টি, প্রতি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট, ১০ জন করে পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নির্বাচন কমিশনের ৬ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন নির্বাচনে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত মাধবদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী ইলিয়াছের কর্মী সমর্থকসহ পৃথকভাবে কয়েকজন কাউন্সিলর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর হামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন এবং বিকেলে মাধবদী পৌর নির্বাচনকে বাতিল ঘোষণা করেন।
/এসএম/