গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

গাজীপুরগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ট্রাকের ওপরে থাকা দুই পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে।এতে চালকও আহত হয়েছেন।
নিহতরা হলেন, ট্রাকের সহযোগী মো. উজ্জল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই কারখানা থেকে মালামাল নেওয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে পল্লীবিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের সহযোগি উজ্জল মিয়া জড়িয়ে পড়ে। এসময়ে তাকে উদ্ধার করতে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়ে।
তিনি আরও জানান, ঘটনার সময় ট্রাকের মধ্যে আগুন ধরে গেলে ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করেছেন।
/এআর/