ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত ফ্রিজ বোঝাই একটি ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশ সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃরা হচ্ছে– রমজান আলী (২২), ধামরাইয়ের আইয়ুবের ছেলে সোহেল রানা (২৪) এবং একই এলাকার আলী হোসেনের ছেলে সোহেল (২২)। তাদের মধ্যে রমজান আলী গাজীপুর শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সেখান থেকে তাকে চট্টগ্রামে বদলি করায় বর্তমানে ছুটিতে রয়েছেন। এছাড়াও সোহেল রানা (২৪) ডিএমপির কনস্টেবল পদ থেকে সম্প্রতি চাকরিচ্যুত হয়েছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গত বুধবার গাজীপুরের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানা থেকে ২৫টি ফ্রিজ নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেয় একটি ট্রাক। রাতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি থামানোর সিগন্যাল দেন পুলিশের ওই সদস্য। গাড়ি থেকে নামার পরই চালক আনোয়ারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার চিৎকারে আসপাশের লোকজন জড়ো হতে থাকেন। এ সময় ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক কর থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার সময় শিল্প পুলিশের এক কনস্টেবল ও চাকরিচ্যুত এক সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’