২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুরের বোয়ালমারীতে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাতে বোয়ালমারী থানায় মামলাটি করা হয়। অভিযুক্তের নাম আলম মল্লিক (৫৫)। তিনি ঘোষপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে ঘটনাটি ঘটে। সোমবার (২৩ আগস্ট) ফরিদপুর জেলা আদালত দণ্ডবিধির ২২ ধারায় দুই শিশুর জবানবন্দি নিয়েছেন।

জানা গেছে, ৭ ও ১০ বছর বয়সী ভুক্তভোগী দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল তারা। এ সময় প্রতিবেশী আলম মল্লিক (৫৫) তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।

এ বিষয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন দাবি করেন, ‘অভিযোগটি সত্য। আলম মল্লিক আগে থেকেই খারাপ লোক। এর আগেও এক বিধবা নারীর সঙ্গে ধরা পড়ে জরিমানা দিয়েছেন।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন।’