ফরিদপুরে করোনাভাইরাস ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চার এবং উপসর্গে তিনজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে জেলায় মোট ৪৯৭ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনা ধরা পড়ে। শনাক্তের হার ২৭ দশমিক ০১ শতাংশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের পাঁচ এবং রাজবাড়ী ও মাদারীপুরের একজন রয়েছেন।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গার ৬, ভাঙ্গার ১৯, বোয়ালমারীর ২, নগরকান্দায় ১, মধুখালীতে ৭, সদরপুরে ৫, চরভদ্রাসনে ২ এবং সদরের ৫২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৪৫ জনের।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে ৮৩ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন।