নারায়ণগঞ্জে একই পরিবারে ৫ খুন

একই পদ্ধতিতে হত্যা, খুনিরা ছিল একাধিক: সিআইডি

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে ফ্ল্যাট বাসায় ৫ জন খুনের ঘটনায় জড়িত খুনিরা ছিল একাধিক। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ এর-এএসপি এহসানউদ্দিন চৌধুরী।

তিনি বলেছেন, আমরা ফ্ল্যাটে থাকা আলামত ও শরীরের কিছু অঙ্গ পরীক্ষা করে ধারণা করছি ৬ থেকে ৭ ঘণ্টা আগে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রাথমিক ধারণা,৫ জনকে একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে। তাদের মাথায় ও গলায় আঘাতের দাগ রয়েছে। তবে সিআইডির ফরেনসিক রিপোর্ট পাবার পর সম্পূর্ণভাবে জানা যাবে।

তিনি আরও জানান,হত্যাকারীরা একাধিক ছিল। তবে তারা পেশাদার ছিল না বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দুইজন নারী ও ছেলের গলায় ফাঁস ছিল, আর মেয়ে শিশুর মাথায় আঘাতের চিহ্ন ছিল।

শনিবার রাত সাড়ে ৩ টায় এ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  বলেন,এক রুমে খাটে একজন পুরুষ ও নিচে নারীর মরদেহ ছিল।আর অন্যরুমে একজন মহিলা ও দুজন শিশুর মৃতদেহ ছিল।

পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।

শনিবার রাতে ২ নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের ১৩১/১১ নং বাড়িতে ৫ জন খুন হন। তারা হলেন তাসলিমা (৩৫),তার ছেলে শান্ত (১০),মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া বেগম (২৫)।

 / এমএসএম/

/আপ-এএ/