ট্রাকচাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী উপজেলার হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহীন মিয়া (২৫) ও একই উপজেলার চিনামুরা গ্রামের লেবু মিয়ার ছেলে রনি আহমেদ (৩০)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নবীন হোসেন বলেন, ‘বিকেলে শাহীন ও রনি মোটরসাইকেলযোগে যমুনা সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এ ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।’

আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।