স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকার পূর্ব পাশের ২ নম্বর সেতুর পশ্চিমে ট্রাক-কাভার্ডভ্যান দুর্ঘটনায় সৃষ্ট যানজট কমে স্বাভাবিক হয়ে এসেছে। রবিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন। 

তিনি বলেন, ভোর ৫টার দিকের দুর্ঘটনার পর যমুনা সেতুর পশ্চিম এলাকা থেকে পাচলিয়া বাজার এলাকা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে  দ্রুততম সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে ধীরে ধীরে সড়কের অবস্থা স্বাভাবিক হয়ে আসে। সকাল ৮-৯টার মধ্যে সড়ক সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানান তিনি। 

দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যানএদিকে, সড়ক স্বাভাবিক হলেও নলকা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত সড়কে কিছুটা ধীরগতি রয়েছে। আর সড়ক দুর্ঘটনায় আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ওসি মোসাদ্দেক হোসেন আরও বলেন, একটি কাভার্ডভ্যান পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।