ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে গোপন ভোট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের গোপন ভোটে পাঁচটি ইউনিয়ন থেকে পাঁচ জনকে বাছাই করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার রূপগঞ্জের রূপসী গাজী ভবনের উপজেলা আওয়ামী লীগের নেতারা কয়েক দফায় বৈঠক করে ভোট দিয়ে এসব প্রার্থী বাছাই করেন। এরপর সেই তালিকা জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গোপন ভোটে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়ায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, গোলাকান্দাইলে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাবোয় অ্যাডভোকেট তায়েবুর রহমান ও ভুলতায় বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল ইসলামকে বাছাই করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, তাবিবুল কাদির তমাল ও আব্দুল মান্নান মুন্সী প্রমুখ।

গোলাম দস্তগীর গাজী বলেন, তৃণমূলের ভোটে বাছাইকৃত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগ নেতাদের কাছেও এক কপি পাঠানো হয়েছে। এই তালিকা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।সভানেত্রী যে প্রার্থীকে নৌকার মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করে নিয়ে আসবো।

অপরদিকে রূপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ এনে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম জানান, দ্বিতীয় দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জের পাঁচটি ইউনিয়ন তফসিলভুক্ত হয়। একজন প্রভাশালী নেতা পাঁচটি ইউনিয়নে তার পছন্দের প্রার্থীদের নামের তালিকা ঢাকায় পাঠিয়েছেন।

তিনি বলেন, কৌশলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নাম তালিকায় রাখা হয়নি। এ জন্য তারা তীব্র প্রতিবাদ জানান। 

উল্লেখ, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলার এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।