প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন

নরসিংদীর ঘোড়াশালে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনের প্রোডাকশন ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘোড়াশালে প্রাণ আর এফ এল ফ্যাক্টরির ভেতরে ১৩নং ভবনে প্রোডাকশন ফ্লোরের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদরের চারটি, পলাশের দুটি, মাধবদীর একটি, গাজীপুরের কালিগঞ্জের একটি, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ও ঢাকার একটি ইউনিটসহ মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

নূরুল ইসলাম বলেন, ‘আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’