রাজবাড়ীতে ১১ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি উজ্জ্বল গাজীকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০১ নভেম্বর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১০ মার্চ দুপুরে ফাঁকা বাড়িতে ১১ বছরের শিশুকে একা পেয়ে খালু উজ্জ্বল গাজী ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে স্থানীয়রা উজ্জ্বলকে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, শিশু ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ। বাদীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।