পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ১১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ হাজার ১৪৪ জন।

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ সাত হাজার ৭১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন চার হাজার ৫২৪ ভোট।

অন্য তিন প্রার্থীর মধ্যে- স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন নারিকেল গাছ প্রতীকে তিন হাজার ২৬৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আতাহার আলী হাত পাখা প্রতীকে ৪০২ এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন জগ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন।

যদিও সোমবার (১ নভেম্বর) রাতে স্বতন্ত্র প্রার্থী মো. মোতায়েম হোসেন স্বপন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।