আদর্শের জায়গায় থাকলে কোনও ষড়যন্ত্র টিকবে না: মেয়র জাহাঙ্গীর

আদর্শের জায়গায় থাকলে কোনও ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, ‘আদর্শ এবং সত্যের জয় হবেই। হয়তো সময় লাগে এবং সময় হলেই সবকিছুর সমাধান হয়ে যায়। ষড়যন্ত্র আল্লাহর রাসুল (সা.) এর আমলে হয়েছে, জাতির পিতার আমলে হয়েছে, এখনও হচ্ছে। আমরাও অনেক সময় এই ষড়যন্ত্রের শিকার হই।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর বলেন, ‘দেশের স্বার্থে কোনও আপস নয়। জাতীয় চার নেতা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, আদর্শের জায়গায় দেশের স্বার্থে কোনও অপশক্তির কাছে হার মানতে রাজি নন তারা। জীবন দিয়ে এই জাতিকে প্রিয় জন্মভূমি উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড এতটাই ঘৃণিত ও জঘন্য যে পৃথিবীর ইতিহাসে তার কোনও নজির নেই। যারা চক্রান্ত করে, ঘৃণ্য কাজ করে তারা কখনও সফল হতে পারে না। ষড়যন্ত্র এখনও হচ্ছে, এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মতো তিনিও আমাদের আদর্শ, তার নেতৃত্বে দেশ অবশ্যই এগিয়ে যাবে।’

প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ সাংবাদিক মুকুল কুমার মল্লিক প্রমুখ।