ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় শরীয়তপুরের জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুছ ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান এই রায় ঘোষণা করেন। এ সময় এজলাসে উপস্থিত ছিলেন মাসুদ।

বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রোকন জানান, মাসুদ ব্যাপারীর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ২০১৯ সালের ৩০ জুন জাজিরা থানায় মামলা করা হয়। ওই মামলায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসুদ ব্যাপারী ও শরীফ সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ১০ অক্টোবর অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করেন। ১৩ জন সাক্ষী এবং ৮ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিচারক মাসুদ ব্যাপারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আর শরীফ সরদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জুন বিকালে স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কলেজছাত্রীকে বাড়িতে আসতে বলে মাসুদ। কাজ শেষ করে সন্ধ্যা ৭টার দিকে মাসুদের বাড়িতে যান ভুক্তভোগী। সেখানে কাউকে না দেখে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় মাসুদ তাকে ঘরে আটকে ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করে।

পর দিন জাজিরা থানায় মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ভুক্তভোগী। ১ জুলাই আদালতের মাধ্যমে মাসুদ ব্যাপারীকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান (নজরুল) বলেন, আসামিপক্ষ সংশ্লিষ্ট মামলার রায়ে সংক্ষুব্ধ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করবো।