ঘাটাইলেও নারিকেল গাছের কাছে হেরেছে নৌকা 

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খান তৃতীয় স্থান হয়েছেন। এই পৌরসভায় নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউএনও সোহাগ হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইভিএমের মাধ্যমে এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয় হাজার ৬০৮ ভোট পেয়ে আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। আর জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জু চার হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শহীদুজ্জামান খান চার হাজার ৩২৩ ভোট পেয়ে তৃতীয় স্থান হয়েছেন। নৌকা প্রার্থীর চেয়ে এই পৌরসভায় নির্বাচিত প্রার্থী দুই হাজার ২৮৫ ভোট বেশি পেয়েছেন। বর্তমান মেয়র শহীদুজ্জামান খান নৌকা প্রতীক নিয়ে হেরে যাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। কেউ কেউ আওয়ামী লীগের কোন্দলকে দায়ী করছেন।