টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদ্রত আলীর ছেলে বাদল (২৬) এবং একই গ্রামের সুরুজ আলীর ছেলে মানিক (২৫)।
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে মধুপুরের বাড়ি থেকে বাদল, মানিক, চানু, মজিদ, জিয়া ও আয়নাল কালিহাতীর ভাবলার বুরবুরা বিলে মাছ ধরতে যান। তারা হেঁটে বিলের দিকে যাচ্ছিলেন। এ সময় বাদল ও মানিক একটু আগে ছিল। হঠাৎ একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। বাকি চার জন আগেই রেললাইন থেকে সরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বাদল ও মানিকের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা পৌঁছানোর আগেই স্বজনরা তাদের লাশ নিয়ে গেছে।