গাড়ির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা লেগে কাউসার আহম্মেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাউসার মির্জাপুর উপজেলার কাহারতা গ্রামের বাসিন্দা। তিনি পিকআপভ্যানের চালক।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, শুক্রবার ভোরে শহরের পার্কবাজার থেকে কাঁচামাল ভর্তি একটি পিকআপভ্যান মির্জাপুরের দিকে যাচ্ছিল। নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়।

লাশ উদ্ধারের পর গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আলাউদ্দিন।