নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি অষ্টম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় তার পক্ষে আকরাম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেন। সাবেক এ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।
আকরাম হোসেন বলেন, ‘দুপুর ১২টায় মেয়র পদে গিয়াস উদ্দিনের পক্ষে আমার নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন- মাজেদুল ইসলাম ও আবুল হোসেনসহ নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেও দল (বিএনপি) যা সিদ্ধান্ত নেবে তিনি (গিয়াস উদ্দিন) সেই মোতাবেক কাজ করবেন। দলের বাইরে তিনি যাবেন না।’
নাসিক নির্বাচনে গিয়াস উদ্দিন ছাড়াও মহানগর বিএনপি সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এ টি এম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর জানিয়েছেন।
গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই এবং ২৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।