গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুরে দাম্পত্যে কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তিন সন্তানের মা সালমা আক্তার (৩৪) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতের স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।

সালমা মহানগরীর পূবাইল থানার বিন্দান এলাকার মৃত আজমত আলী ভূঁইয়ার মেয়ে এবং একই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় মহানগরীর পূবাইল থানার বিন্দান এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পূবাইল থানার ওসি মোহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, জাহিদুল ও সালমা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন। এরপর তারা বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে। কয়েক দিন আগে জমি বিক্রির টাকার হিসাব চাওয়ায় সালমার সঙ্গে স্বামীর বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রবিবার বেলা ১১টার দিকে স্বামীর ওপর অভিমান করে সালমা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে দগ্ধ সালমাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সালমা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহতের মা রাবেয়া আক্তার বাদী হয়ে জাহিদুলকে আসামি করে পূবাইল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ জাহিদুলকে গ্রেফতার করেছে।