নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলেই যাবো। আমার এই চরিত্র অব্যাহত থাকবে।’
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বৃহত্তর দেওভোগ এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইভি বলেন, ‘এবারও আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও প্রচারণা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বক্তব্যকে বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। আমি আমার পরিবার আল্লাহওয়ালা লোক। আমরা পীর-মুর্শিদকে সম্মান করি। আবার তাবলীগ জামাতকেও সম্মান করি। এই অপপ্রচারে আমাকে পেছানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘২০১১ সালে নির্বাচন করা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। কিন্তু আমার মা বললেন, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে নির্বাচন করতেই হবে। দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই। মায়ের সাহসে বলেছিলাম, এক ভোট পেলেও নির্বাচন করবো।’
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র ওবয়েদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।