ব্যক্তিগত গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল, আটক ১

টাঙ্গাইলে ব্যক্তিগত গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করেছে র‌্যাব। সোমবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার পোড়াবাড়ি বাজারের সোনা মিয়ার মার্কেটে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়। এ সময় মুকুল মণ্ডল (৪৯) নামে একজনকে আটক করা হয়েছে।

আটক মুকুল মণ্ডল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সোনা মিয়ার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় ওই মার্কেটের ব্যবসায়ী মুকুল মণ্ডলের গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল পাওয়া যায়। এ অপরাধে তাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘চাল ছাড়াও ৯৮ লিটার চোলাই মদ ও ১০ কেজি গাঁজাসহ পৃথক স্থান থেকে চার জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ৩টি মামলা হয়েছে।’