টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নৌকা প্রতীকে জোরপূর্বক প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
একাধিক ভোটার জানান, নৌকার কর্মীরা প্রকাশ্যে সিল মারতে বাধ্য করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এখনও ভোটগ্রহণ শুরু হয়নি।
অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভেতর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।