টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী আঞ্চলিক সড়কের শহরগোপীনপুরের চেচুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার সাগরদিঘী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোটরসাইকেল চালক আসাদুল ইসলাম (২২) ও শহরগোপীনপুর গ্রামের হারুন মুন্সির ছেলে ফরিদ উদ্দিন (২৫)।
নিহত আসাদুল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষবর্ষের ছাত্র ও ফরিদ কোরআনে হাফেজ এবং স্থানীয় মসজিদের ইমাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশীর বিয়ের বর যাত্রীদের সঙ্গে আসাদুল ও ফরিদ মোটরসাইকেলযোগে দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফেরার পথে উপজেলার শহরগোপীনপুরের চেচুয়াপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় মুড়িবোঝাই একটি ট্রাক। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আজহারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত দুই জনের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি খুবই মর্মান্তিক।