গাজীপুরে আগুন লেগে ৩৫টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরের বাহাদুরপুর মন্ডল বাড়ি এলাকার কামাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাশারফ হোসেন জানান, বেলা আনুমানিক ১১টার দিকে কামাল হোসেনের মালিকানাধীন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরগুলোতে কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ভাড়াটিয়া শ্রমিকরা কারখানায় কাজে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল।
তিনি জানান, একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য রুমগুলোসহ অপর একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এবং আশপাশের কারখানার শ্রমিকরা আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।