কোথায়-কখন ভোট দেবেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শহরের শিশুবাগ স্কুলের কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন তার ভাই আলী রেজা উজ্জল। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি ওই কেন্দ্রে ভোট দেবেন।

আইভীর ছোট ভাই নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল জানান, শুক্রবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। তাই শনিবার বাসায় ছিলেন আইভী। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সকাল সাড়ে ৯টায় শিশুবাগ স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়ে এরপর তিনি নির্বাচন পর্যবেক্ষণে বের হবেন।

তিনি আরও জানান, টানা ২০ দিন প্রচারণা এবং গণসংযোগ করে সেলিনা হায়াৎ আইভী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। কিন্তু কিছুই মানছেন না। এই অবস্থা নিয়েই মানুষজনের সঙ্গে কথা বলছেন। নেতাকর্মীদের সঙ্গে প্রয়োজনীয় দায়িত্ব সম্পর্কে জানিয়েছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারও সারা দিন বাড়িতেই অবস্থান করেছেন। তৈমুর আলম খন্দকার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে দুবার জরুরি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে ‘নিষ্প্রভই’ ছিলেন নৌকার প্রার্থী আইভী।