দুর্ঘটনায় ফেলে যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

আশুলিয়ায় কৌশলে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ইকরাম (২৫) নামে আরও এক অপহরণকারী পলাতক রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অপহৃত যুবক মাকসুদুর হককে (২১) উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। 

গ্রেফতাররা হলেন- ঝিনাইদহের তোতা মিয়ার ছেলে শাহিন (১৯), দিনাজপুরের কাজল হোসেনের ছেলে ইয়াছিন (১৯) ও কিশোরগঞ্জের রুবেল মিয়ার ছেলে অন্তর (২০)। তারা সবাই আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেছিল।

পুলিশ জানায়, অপহৃত যুবক আশুলিয়ার গৌরিপুর এলাকায় সিবিটি নামে একটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতেন। বুধবার রাতে সেখান থেকে গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর এলাকায় যাওয়ার জন্য নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় আসলে কৌশলে অপহরণকারীরা একটি রিকশা তার গায়ে তুলে দেয়। এতে ওই যুবক আহত হয়। পরে তাকে চিকিৎসার কথা বলে অপর একটি অটোরিকশাযোগে মাতৃছায়া নামে এক স্কুলে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ১৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সেই সঙ্গে মুঠোফোনে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের এক সদস্য সটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।