বেতন না দিয়ে কারখানা বন্ধ করায় নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের পাওনা পরিশোধ না করে লে-অফ ঘোষণার মাধ্যমে কারখানা বন্ধ করে দেওয়ায় নারায়ণগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পাওনা পরিশোধের দাবিতে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এন আর গ্রুপের প্রতিষ্ঠান রহিমা আজিজ নিট স্পিন সোয়েটার কারখানার শ্রমিকরা। প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক কর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে তারা রফতানি প্রক্রিয়া সম্পন্ন করলেও মালিকপক্ষ লভ্যাংশ বুঝে পাওয়ার পর মিথ্যা অজুহাতে লে-অফ ঘোষণা করে ২০ জানুয়ারি কারখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের কয়েক মাসের বেতন-ভাতাও তারা পরিশোধ করেনি। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিকরা অবিলম্বে কারখানা খুলে দিয়ে তাদের সব পাওনা পরিশোধ করার দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।